রাঙামাটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী রবিউল আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার রাত ১০টার দিকে রবিউল আলমকে বহনকারী অটোরিকশায় এ হামলা চালানো হয়। তাঁকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল মঙ্গলবার সকালে হাসপাতালে কথা হয় রবিউল আলমের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, সোমবার সন্ধ্যায় আসামবস্তি এলাকায় জনসংযোগ এবং উঠান বৈঠক করেন তিনি। সেখান থেকে অটোরিকশায় করে চালকসহ তাঁরা চারজন তবলছড়ির দিকে আসছিলেন। রাত ১০টার দিকে হর্টিকালচার সেন্টার গেটের সামনে এসে পৌঁছার পর পাশের যাত্রী ছাউনি থেকে আট থেকে দশজন যুবক অটোরিকশা লক্ষ্য করে ইট ও পাথর ছুড়তে থাকে। এতে অটোরিকশার কাচ ভেঙে যায়। ইটের আঘাতে তিনি ও তাঁর এক সঙ্গী আহত হন। পরে নিজে কোতোয়ালি থানায় গিয়ে বিষয়টি অবহিত করেন।
রাঙামাটি জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা মংক্য চিং সাগর বলেন, রবিউল আলম ও তাঁর এক সঙ্গীকে রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালে আনা হয়। রবিউল আলমের বুক, কোমর ও বাঁ পায়ে ইটের আঘাতের চিহ্ন রয়েছে।
হামলার বিষয়ে রবিউল আলম বলেন, ঘটনাস্থলে অন্ধকার থাকায় তিনি কাউকে চিনতে পারেননি। মেয়র পদে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান তিনি। ওই গোষ্ঠীর নির্দেশে তাঁর ওপর হামলা হয়েছে বলে তিনি মনে করছেন।
তবে রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশীদ বলেন, ‘আমরা খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে যাই। কিন্তু সেখানে কাউকে পাওয়া যায়নি।’