বিএনপি-জামায়াতের আরও ৬৬ আটক আট জেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের অনির্দিষ্টকালের অবরোধের মধ্যে দেশের বিভিন্ন স্থানে আটক ও গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। রোববার রাত থেকে গতকাল সোমবার পর্যন্ত আটটি জেলা থেকে ৬৬ জনকে আটক করেছে পুলিশ ও যৌথ বাহিনী।
প্রথম আলোর প্রতিনিধিরা বিস্তারিত জানিয়েছেন:
খুলনা মহানগর যুবদলের সভাপতি শফিকুল আলম তুহিনসহ সাতজনকে আটক করেছে পুলিশ।
টাঙ্গাইল জেলা জামায়াতের সেক্রেটারি আহসান হাবীব মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার পুলিশ তাঁকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চাইলে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম রাশেদুল আলম ওরফে সবুজকে মারপিট করে তাঁকে পুলিশে দিয়েছে লোকজন। তাঁকে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল দুপুরে জয়পুরহাট শহরের নতুন হাট এলাকায় এ ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জে যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরের শ্রমিক সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ জামায়াত-বিএনপির ১২ কর্মীকে গত দুই দিনে আটক করা হয়েছে।
নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও জামায়াতের চার নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের চার কর্মীসহ ৩৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কিশোরগঞ্জে জামায়াতের সাবেক আমির ও ময়মনসিংহ জেলা জামায়াতের আঞ্চলিক সমন্বয়কারী মাওলানা মো. তৈবুজ্জামানকে আটক করা হয়েছে।
বাগেরহাটে কাজী শহীদুল্লাহ (৫০) নামে বিএনপিপন্থী এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ওপর হামলার একটি ঘটনায় জড়িত থাকার অভিযোগে রোববার গভীর রাতে শহরের খারদ্বার এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।