বিএনপি-জামায়াতের ৩৫ জন আসামি দুই মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় থেকে অস্ত্র ও বোমা উদ্ধারের ঘটনায় গত রোববার রাতে পৃথক দুটি মামলা করেছে পুলিশ। আসামিরা স্থানীয় বিএনপি ও জামায়াতের কর্মী-সমর্থক বলে জানিয়েছে পুলিশ। দুটি মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁদের মধ্যে গ্রেপ্তার তিনজনকে গতকাল সোমবার রাত ১০টায় আদালতে পাঠায় সীতাকুণ্ড থানার পুলিশ।
রোববার সকালে সীতাকুণ্ডের মধ্যম এয়াকুবনগরের নুনাছড়া পাহাড়ে অভিযান চালিয়ে ৬৯টি পেট্রলবোমা, ৫০টি ককটেল, চারটি এলজি, কার্তুজ, দা, কিরিচ উদ্ধার করে পুলিশ। শনিবার মধ্যরাত থেকে চালানো ওই অভিযানে নাশকতাকারীদের ‘আস্তানার’ সন্ধান পাওয়া গেছে বলে পুলিশ দাবি করে।
এদিকে রোববার সকালে এয়াকুবনগর এলাকা থেকে আটক জাফর উল্লাহ, সাইফুল ইসলাম, শাকিব ও বাক্প্রতিবন্ধী সিরাজকে ছেড়ে দিয়েছে পুলিশ।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান রাতে প্রথম আলোকে জানান, অস্ত্র ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় শিবিরের কর্মী আবদুল আজিজ, বিএনপির কর্মী ফখরুল ইসলাম ও মদিনা উল্লাহকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বিএনপির দাবি সাজানো নাটক: সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, নুনাছড়া পাহাড়ে অস্ত্র উদ্ধারের ঘটনাকে সাজানো নাটক দাবি করেছে স্থানীয় বিএনপি। গতকাল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম স্বাক্ষরিত একটি বিবৃতি সাংবাদিকদের ই-মেইলে পাঠানো হয়। এতে উল্লেখ করা হয়, সীতাকুণ্ডের বাড়বকুণ্ড বাজারে নিজ দোকান থেকে বিএনপির নেতা ফখরুল ইসলামকে শনিবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। পরে ‘নাটক’ সাজিয়ে তাঁর দেওয়া তথ্যে পাহাড় থেকে অস্ত্র উদ্ধার করা হয় বলে দাবি করে পুলিশ।