বিএনপি-জামায়াতের ৪৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল স্বামী ফারুক কাজীর সেবা করছেন স্ত্রী হাসিনা বেগম। গত শনিবার মাগুরায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন ফারুক l প্রথম আলো
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে গতকাল স্বামী ফারুক কাজীর সেবা করছেন স্ত্রী হাসিনা বেগম। গত শনিবার মাগুরায় পেট্রলবোমা হামলায় দগ্ধ হন ফারুক l প্রথম আলো

মাগুরায় পেট্রলবোমা হামলায় তিন বালুশ্রমিকের মৃত্যু ও আরও ছয়জন গুরুতর দগ্ধ হওয়ার ঘটনায় সন্দেহভাজন হিসেবে বিএনপি-জামায়াতের ৪৬ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।
গত রোববার রাতে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেন মাগুরা সদর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুস সালাম। মামলাটিতে ২৬ জনের নাম উল্লেখ ও ২০ জনকে অজ্ঞাতনামা দেখিয়ে আসামি করা হয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) সুদর্শন রায় মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে গতকাল সোমবার বিকেলে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে অভিযান চলছে। আসামিদের নাম প্রকাশ করতে রাজি হননি তিনি।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের একজন কর্মকর্তা জানান, মামলায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমেদসহ ২০-দলীয় জোটের নেতা-কর্মীদেরই শুধু আসামি করা হয়েছে।
এদিকে পেট্রলবোমা হামলায় সন্দেহভাজন দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অভিযোগ উঠেছে, সন্দেহভাজন ব্যক্তিদের
গ্রেপ্তারের নামে পুলিশ জোটের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগসহ নানা ধরনের হয়রানি করছে।
মাগুরা-যশোর সড়কের মাগুরা সদর উপজেলার মঘিরঢাল এলাকায় গত শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দুর্বৃত্তদের ছোড়া দুটি পেট্রলবোমায় ট্রাকচালকসহ নয়জন বালুশ্রমিক গুরুতর দগ্ধ হন। পরে গত রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে একজন ও সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুজন মারা যান। দগ্ধ বাকি ছয়জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।