বিএনপি-জামায়াতের ছায়াতলে থেকে কখনো আইএস, কখনো জেএমবি, কখনো হিযবুত তাহ্রীর নামে দেশের বিভিন্ন স্থানে জঙ্গি হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতারা।
গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। দলের পক্ষ থেকে জঙ্গিবাদবিরোধী মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্কাস পার্টির জেলা কমিটির সভাপতি আবু হানিফ। তিনি বলেন, জঙ্গি ধরা পড়ার দেখা যাচ্ছে তারা আগে শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিল। তাঁর দাবি, সাম্রাজ্যবাদীদের সহযোগিতায় বিএনপি-জামায়াতের মদদে জঙ্গি হামলা চলছে। তিনি বলেন, ‘কল্যাণপুরে অভিযানে জঙ্গিরা নিহত হওয়ার পর বিএনপি প্রশ্ন তুলল, কেন তাদের পিঠে গুলি লাগল। আমরা বলছি, জঙ্গি যে-ই হবে হোক, গুলি পিঠে লাগুক আর বুকে লাগুক—তাদের খতম করতে হবে। জঙ্গিদের দমনে একাত্তরের মতো দেশব্যাপী সামাজিক প্রতিরোধ কমিটি গড়ে তুলতে হবে।’
ওয়ার্কার্স পার্টির চট্টগ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক শামসুদ্দিন খালেদ বলেন, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কখনো হত্যার কথা বলে না। বিএনপি জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্য গড়ার ডাক দিয়েছে। কিন্তু জঙ্গির দোসর জামায়াতে ইসলামী এখনো তাদের
ছায়াতলে। জঙ্গিবাদ নির্মূলে সর্বস্তরের জনগণের সঙ্গে ঐক্য হতে পারে।
দলের চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শরীফ চৌহানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সম্পাদকমণ্ডলীর সদস্য ইন্দ্র কুমার নাথ, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন চট্টগ্রামের সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, সম্পাদকমণ্ডলীর সদস্য মোকতার আহমেদ, যুব মৈত্রী চট্টগ্রামের সাধারণ সম্পাদক কায়সার আলম, হাফিজ জুট মিল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ, আমিন পাটকল ওয়ার্কার্স ইউনিয়নের নেতা শামসুল আলম প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহীদ মিনার থেকে নিউমার্কেট হয়ে পুরাতন রেলস্টেশনে এসে শেষ হয়।