সরকারবিরোধী আন্দোলন ও নাশকতার মামলায় বরিশালে বিএনপি ও জামায়াতে ইসলামীর ৬২ জন নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। গত বুধবার বরিশাল মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক অমিত কুমার দে এ অভিযোগ গঠনের নির্দেশ দেন।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ৪ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোট সরকারবিরোধী অবরোধ কর্মসূচির ডাক দেয়। এ সময় আসামিরা মেট্রোপলিটন এলাকার বিমানবন্দর থানার ক্যাডেট কলেজ এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করেন। তাঁরা গাড়ি ভাঙচুর করে জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করেন। পুলিশ তাতে বাধা দিলে তাদের ওপরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসব ঘটনায় ওই দিনই বিমানবন্দর থানায় নাশকতার মামলা করা হয়। বরিশাল বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ ৬৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
২০১৪ সালের ৩০ সেপ্টেম্বর ওই মামলায় ৬৩ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বিমানবন্দর থানার এসআই মো. রফিকুল ইসলাম। এরপর বুধবার আদালত মো. সেলিম নামে একজনকে অব্যাহতি দিয়ে বাকি ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের নির্দেশ দেন।