বিএনপি-সমর্থিত আরেক কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৪ নম্বর ওয়ার্ডের বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী ওসমান গণিকে গতকাল সোমবার সকালে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে গত পাঁচ দিনে তিনজন কাউন্সিলর প্রার্থী গ্রেপ্তার হলেন, যাদের দুজন বিএনপি-সমর্থিত ও একজন বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থী।
রাজধানীর মোহাম্মদপুরের একাংশ ও রায়েরবাজার এলাকা নিয়ে ৩৪ নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ডের কাউন্সিলর পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তাঁর বাসা হাজারীবাগ থানা এলাকায় হওয়ায় হাজারীবাগ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১ নম্বর ওয়ার্ডের (মিরপুর-পাইকপাড়া) বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী এ এল এম কাওছার আহম্মেদকে পুলিশ গ্রেপ্তার করে। এরপরে গত শনিবার রাতে দক্ষিণ সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের বিএনপির বিদ্রোহী কাউন্সিলর প্রার্থী হাসিবুর রহমানকে নাশকতার মামলায় গ্রেপ্তার করে পুলিশ।