বিএনপি-সমর্থিত ছয়জন ইউপি চেয়ারম্যান লাঞ্ছিত
মানিকগঞ্জের সিঙ্গাইরে সায়েদুল ইসলামসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে উপজেলার ছয়টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার উপজেলা পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
লাঞ্ছনার শিকার হওয়া চেয়ারম্যানরা হলেন চারিগ্রাম ইউপির শেখ সাজেদুল আলম, সদরের দেওয়ান মাহবুবুর রহমান, শায়েস্তার মোজাম্মেল হক, বায়রার দেওয়ান সোহেল, ধল্লার আবদুল আলী ও জামির্তার আবদুল খালেক। তাঁদের মধ্যে সাজেদুল আলম ও মাহবুবুর রহমানকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।
ভুক্তভোগী ইউপি চেয়ারম্যানরা জানান, গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা মাসিক উন্নয়ন সভা শুরু হয়। সভার সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান আবিদুর রহমান বলেন, সভায় ১ শতাংশ বরাদ্দ (জমি রেজিস্ট্রি খাতের মোট টাকার এক ভাগ স্থানীয় ইউনিয়ন উন্নয়নকাজে ব্যবহারের জন্য বরাদ্দ) পাওয়া প্রায় তিন কোটি টাকা বিএনপি-সমর্থিত ইউপি চেয়ারম্যানদের না দিয়ে আওয়ামী লীগ-সমর্থিত ইউপি চেয়ারম্যানদের দেওয়ার সিদ্ধান্ত হয়। এ কারণে সভার কার্যবিবরণীতে সই না করে বিএনপি-সমর্থিত ছয়জন ইউপি চেয়ারম্যান মিলনায়তন থেকে বের হয়ে যান।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা সায়েদুল ইসলাম বলেন, ‘ঘটনাস্থলে আমি ছিলামই না। কাজেই লাঞ্ছিত বা মারধর করার প্রশ্ন ওঠে না।’