বিএম কলেজ ডিবেটিং ক্লাব ও রেড ক্রিসেন্ট কার্যালয় ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজের ডিবেটিং ক্লাব ও রেড ক্রিসেন্ট ক্লাবে ভাঙচুর চালিয়েছেন শিক্ষার্থীরা। আগুনও দেওয়া হয়েছে সংগঠন দুটির আসবাবে। গতকাল বৃহস্পতিবার সকালে বিজ্ঞান বিভাগের রসায়ন ভবনে এ ঘটনা ঘটে।
ওই বিভাগের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে রসায়ন বিভাগের একটি কক্ষ দখল করে কার্যক্রম চালিয়ে আসছে ডিবেটিং ক্লাব। শ্রেণিকক্ষ-সংকটের কারণে ডিবেটিং ক্লাবকে ওই ভবন থেকে সরিয়ে নিতে একাধিকবার কলেজ অধ্যক্ষ ও বিভাগীয় প্রধানের কাছে দাবি জানানো হয়েছে। কিন্তু কোনো ফল হয়নি। উল্টো বুধবার রাতে রেড ক্রিসেন্ট ক্লাব বিভাগের ল্যাবরেটরির একটি কক্ষ দখলে নেয়। এতে ক্ষুব্ধ হন শিক্ষার্থীরা। তাঁরা গতকাল সকালে কলেজে এসে প্রথমে কক্ষ দুটি ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। কিন্তু তাতে সাড়া না পাওয়ায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাব দুটি ভাঙচুর করেছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ডিবেটিং ক্লাব ও রেড ক্রিসেন্ট কার্যালয়ে থাকা আসবাবপত্র ভাঙচুর করে চেয়ার বাইরে নিয়ে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
জানতে চাইলে রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান জমাদ্দার দেলোয়ার হোসেন বলেন, ‘এমনিতেই বিভাগে শ্রেণিকক্ষ-সংকট রয়েছে। তার ওপর বিভাগের মধ্যে অন্য সংগঠন চালানোর কারণ বুঝে উঠতে পারছি না।’
ফোনে না পাওয়ায় এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ স ম ইমানুল হাকিমের সঙ্গে কথা বলা যায়নি। তবে কলেজশিক্ষক পরিষদের সম্পাদক এস এ কাইউমউদ্দিন বলেন, ডিবেটিং ক্লাবকে আগেই ওই কক্ষ বরাদ্দ দেওয়া হয়েছিল। আর কয়েক দিন আগে যুব রেড ক্রিসেন্টকেও একটি কক্ষ বরাদ্দ দেওয়া হয়। কক্ষ দুটি ভাঙচুরের ব্যাপারে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।