মাদক সেবনকে কেন্দ্র করে বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের দুই দল শিক্ষার্থীর মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই শিক্ষকসহ ছয়জন আহত হয়েছেন। গতকাল রোববার দুপুরে কলেজের বাণিজ্য ভবন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক মাকসুদ আলী, ইতিহাস বিভাগের শিক্ষক গোলাম মোর্শেদ, ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মো. ইউসুফ হোসেন, শহীদুল ইসলাম, আবু সায়েম ও চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. রুম্মান। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, দুপুর সাড়ে ১২টার দিকে বাণিজ্য ভবনের একটি কক্ষে বসে ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ইউসুফ ও তাঁর বন্ধুরা মিলে মাদক সেবন করছিলেন। এতে বাধা দিলে তাঁরা ক্ষিপ্ত হয়ে ওই বিভাগেরই চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুম্মানকে মারধর করেন। পরে রুম্মান তাঁর সহযোগীদের নিয়ে ইউসুফকে মারধর করেন। এ নিয়ে দুই পক্ষে শুরু হয় সংঘর্ষ। ভাঙচুর করা হয় ক্যানটিনের চেয়ার। সংঘর্ষ থামাতে গিয়ে দুই শিক্ষক আহত হন।
জানতে চাইলে কলেজ অধ্যক্ষ এম ফজলুল হক বলেন, সংঘর্ষের ঘটনায় জড়িত দোষী শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।