বান্ধবীকে উত্ত্যক্ত করার অভিযোগে ব্রজমোহন কলেজের (বিএম) এক ছাত্রকে কুপিয়ে জখম করেছেন এক ছাত্রলীগ নেতা ও তাঁর সহযোগীরা। আশঙ্কাজনক অবস্থায় ওই ছাত্রকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাঁর ডান হাতের কবজি বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়েছে।
গত শনিবার রাত সাড়ে আটটার দিকে কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের পেছনে এ ঘটনা ঘটে।
হামলার শিকার ওই ছাত্র হলেন খান মানিক। তিনি বিএম কলেজের সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও নগরের বৈদ্যপাড়ার মোসলেম মিয়ার ছেলে। আর হামলাকারী রুবায়েত সাজ্জাত পিয়াল নগরের ২০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে রুবায়েত তাঁর বান্ধবীকে নিয়ে নগরের একটি মেলায় যান। সেখানে তাঁর বান্ধবীকে উত্ত্যক্ত করেন মানিক। এতে বাধা দিলে রুবায়েতকে মারধর করা হয়। এরপর রাত সাড়ে আটটার দিকে বিএম কলেজের অশ্বিনী কুমার ছাত্রাবাসের (ডিগ্রি হোস্টেল) পেছনে মানিককে একা পেয়ে তাঁর ওপর হামলা চালায় রুবায়েত ও সৌখিনের নেতৃত্বে ১০-১২ জনের একটি দল। তাঁরা মানিককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। হাত, পা, বুক, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। মানিকের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে মানিককে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগের সহকারী অধ্যাপক মো. মনিরুজ্জামান বলেন, মানিকের সবচেয়ে বড় সমস্যা হলো তাঁর ডান হাতের কবজি কেটে যাওয়া। সেখানে রগ কেটে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ রয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাতের চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, এ ঘটনায় মানিকের মা বাদী হয়ে রুবায়েতসহ তিনজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছেন। পুলিশ জুবায়ের গনি ও মো. রিয়াজ নামের দুজনকে গ্রেপ্তার করেছে।
বিএম কলেজের একাধিক শিক্ষার্থী বলেন, হামলাকারী ছাত্রলীগ নেতা রুবায়েতের বিরুদ্ধেও কলেজে ছাত্রীদের উত্ত্যক্ত করার অভিযোগ রয়েছে। ক্যাম্পাসে ছাত্রছাত্রীরা আড্ডা দিলে তাঁদের জিম্মি করে চাঁদা আদায় করেন। এসব কাজে দু-একবার বাধা দিয়েছেন খান মানিক। এ নিয়ে দুজনের মধ্যে বেশ কয়েকবার ঝামেলা হয়। মূলত তার জেরেই এসব ঘটনা ঘটেছে। মানিক একসময় ছাত্রদলের সঙ্গে যুক্ত থাকলেও বর্তমানে ছাত্রলীগের অনুসারী।