বিএমডিএর দরপত্রে অনিয়মের অভিযোগ
বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের দরপত্রে ব্যাপক অনিয়ম হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
৩৯টি প্রথম সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি। অথচ নবম সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানও কাজ পেয়ে গেছে। তবে বিএমডিএ কর্তৃপক্ষ বলছে, অস্বাভাবিক কম দর দেওয়া এবং কাগজপত্রে ত্রুটি ও আগে একবার কাজ পাওয়ার কারণে সর্বনিম্ন দরদাতা হলেও তাদের কাজ দেওয়া হয়নি।
ওই দরপত্রে অনিয়মের অভিযোগে গত সোমবার কাজ না পাওয়া ঠিকাদারেরা বিএমডিএর নির্বাহী পরিচালক, দুর্নীতি দমন কমিশন এবং কৃষি মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। এ পরিপ্রেক্ষিতে বিএমডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী শামসুল হুদাকে গতকাল মঙ্গলবার বিষয়টি তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিএমডিএর কৃষিপণ্য বাজারজাতকরণে গ্রামীণ সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় রাজশাহী, নাটোর, পাবনা, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় নতুন সড়ক নির্মাণের লক্ষ্যে গত ১৭ জুলাই ৮৩টি লটে দরপত্র আহ্বান করা হয়। এর বিপরীতে প্রায় সাড়ে ৭০০ দরপত্র জমা পড়ে।
কাজ না পাওয়া ঠিকাদারেরা অভিযোগ করেন, ব্যাপক অনিয়মের আশ্রয় নিয়ে মনগড়া নীতিমালায় ফেলে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ না দিয়ে দ্বিতীয় থেকে নবম সর্বনিম্ন দরদাতাকেও কাজ দেওয়া হয়েছে। এতে করে ৩৯ জন সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান কাজ পায়নি। পছন্দের ঠিকাদারকে কাজ দিতেই কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাত দিচ্ছে।
বিএমডিএ সূত্রে জানা গেছে, নবম সর্বনিম্ন দরদাতা দুটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এ ছাড়া অষ্টম সর্বনিম্ন একটি, ষষ্ঠ সর্বনিম্ন দুটি, পঞ্চম ও চতুর্থ চারটি করে, তৃতীয় ছয়টি, দ্বিতীয় ১৮টি এবং প্রথম সর্বনিম্ন ৪৬টি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে।
কাজ না পাওয়া ঠিকাদারদের অভিযোগে বলা হয়েছে, গোদাগাড়ী এক নম্বর লটের সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শিউলি এন্টারপ্রাইজের দর ছিল ৫৬ লাখ ৪১ হাজার ৫১০ টাকা। অথচ ওই প্রতিষ্ঠানটিকে বাদ দিয়ে অষ্টম সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। ওই প্রতিষ্ঠানের দর ছিল ৬১ লাখ সাত হাজার ৬০৫ টাকা। এ জন্য একটি দরপত্রেই সরকারের ক্ষতি হয়েছে চার লাখ ৬৬ হাজার ৯৫ টাকা।
নয় নম্বর দুর্গাপুর লটে সর্বনিম্ন দরদাতা ছিল এ খান কোং। প্রতিষ্ঠানটির দর ছিল ৫৭ লাখ ৮৩ হাজার ৪২২ টাকা। ওই প্রতিষ্ঠানকে বাদ দিয়ে ৬২ লাখ ৯৮ হাজার ৯৩৬ টাকা দর দেওয়া একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়েছে। এতে সরকারের ক্ষতি হয়েছে পাঁচ লাখ ১৫ হাজার ৫১৪ টাকা।
পাঁচ নম্বর পবা লটে প্রথম সর্বনিম্ন দরদাতার দর ছিল ৫৯ লাখ ৮৩ হাজার ১১২ টাকা। আর কাজ পাওয়া প্রতিষ্ঠানটি দর দিয়েছে ৬৬ লাখ ৯৪ হাজার ৭৫১ টাকা। এতে করে সরকারের ক্ষতি হয়েছে সাত লাখ ১১ হাজার ৬৩৯ টাকা।
এ ব্যাপারে জানতে চাইলে প্রকল্পের পরিচালক আবুল কাশেম বলেন, ৮৩টি লটের মধ্যে যে প্রতিষ্ঠান একবার কাজ পেয়েছে, তাদের কাজ দেওয়া হয়নি। আবার অস্বাভাবিক কম দর দেওয়ায় অনেক প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি। পাশাপশি কাগজপত্রে ত্রুটি থাকার কারণে কোনো কোনো প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়নি। এখানে অনিয়মের কোনো ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন।