বিএসএফ পিটিয়ে আহত করেছে বাংলাদেশিকে
পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্তে নজরুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশিকে পিটিয়ে গুরুতর আহত করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার বাসিন্দারা জানিয়েছেন, সন্ধ্যায় শালবাহান ইউনিয়নের বোয়ালমারী গ্রামের নজরুলসহ চারজন তেঁতুলিয়া ডাকবাংলোর পার্শ্ববর্তী সীমান্ত এলাকায় যান। তাঁরা এক ব্যবসায়ীর কিনে আনা ভারতীয় গরু বাংলাদেশে পার করে নিয়ে আসার অপেক্ষায় ছিলেন। রাত আটটার দিকে অন্য তিনজন চলে এলেও নজরুল সেখানেই থেকে যান।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন নজরুল ইসলাম গতকাল রোববার দুপুরে সাংবাদিকদের বলেন, তিনি সেখানে অপেক্ষা করছিলেন। এ সময় ভারতের পশ্চিম দিনাজপুর জেলার মুড়ি খাওয়া সীমান্ত ফাঁড়ির কয়েকজন বিএসএফ সদস্য অতর্কিতে তাঁকে ঘিরে ফেলে লাঠি, রড ও রাইফেলের বাঁট দিয়ে বেধড়ক পেটান। অনেকক্ষণ পেটানোর পর মৃত ভেবে মহানন্দা নদীর বালুচরে তাঁকে ফেলে চলে যান। স্থানীয় লোকজন উদ্ধার করে রাতেই তাঁকে হাসপাতালে ভর্তি করেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মাহবুবুল আলম বলেন, মারধরের ফলে নজরুলের শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। মাথায় তিনটি সেলাই দেওয়া হয়েছে। বাঁ হাত ফুলে আছে। এক্স-রে করলে জানা যাবে ভেঙেছে কি না।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল হাকিম মুহাম্মদ নওশাদ বলেন, প্রকৃত ঘটনা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।