বিএসএফ সদস্যের মৃত্যুর জন্য আটক ১৩ 'বাংলাদেশি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ঘোনা সীমান্তের বিপরীতে ভারতের পাকিরডাঙ্গা এলাকায় রোববার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাংলাদেশি রাখালদের দুষছে বিএসএফ। ১৩ জন ‘বাংলাদেশি’কে আটকের দাবি করেছে তারা। তবে বাংলাদেশি কোনো রাখালের জড়িত থাকার অভিযোগ নাকচ করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলেছে, আটককৃতরা বাংলাদেশি কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
সাতক্ষীরার ভোমরা সীমান্তের ইমিগ্রেশন চেকপোস্ট এলাকায় গতকাল সোমবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। এতে বাংলাদেশের পক্ষে সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশির নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল এবং ভারতের পক্ষে কল্যাণী ১৪৪ ব্যাটালিয়নের অধিনায়ক রত্নেশ্বরের নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বৈঠক শেষে মেজর নজির জানান, রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পাকিরডাঙ্গা ক্যাম্পের গোবিন্দ সিং নামের এক বিএসএফ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় বিএসএফ বাংলাদেশি গরু রাখালদের দায়ী করে এবং এর প্রতিবাদে পতাকা বৈঠকের আহ্বান করে। বৈঠকে বিএসএফের অভিযোগ সঠিক নয় উল্লেখ করে বিজিবির পক্ষ থেকে বলা হয়, সীমান্তে বাংলাদেশের দিকে শক্ত টহল রয়েছে। এখান থেকে বাংলাদেশিদের ভারতে যাওয়ার সুযোগ নেই।
মেজর নজির আরও জানান, আটক ব্যক্তিরা বাংলাদেশি কি না, তা তদন্ত করে দেখা হবে বলে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে বলা হয়।