লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল বুধবার ভোর সাড়ে চারটার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারপাড়া সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত রবিউল ইসলাম (৩০) ও বকুল হোসেন (৩০) দুজনই উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুঙ্গলিবাড়ি গ্রামের বাসিন্দা। তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী জানান, বুধবার ভোররাতে এই ১৫ থেকে ১৬ জনের গরু পারাপারকারীদের একটি দল সীমান্তের ৮৪২ নম্বর মেইন পিলারের কাছে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করছিল। এ সময় কোচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চেংরাবান্ধা ক্যাম্পের টহলরত সদস্যরা তাঁদের ওপর গুলি চালায়। এতে রবিউলের পায়ে এবং বকুলের পিঠে গুলি লাগে। তাঁদের অন্য সঙ্গীরা গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পাটগ্রাম থানায় মামলা হয়েছে।