বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল জামাইপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।
ঘটনা সম্পর্কে চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপারেশন অফিসার মেজর মিন্নাত আলীর ভাষ্য, গতকাল দিবাগত রাত একটার দিকে জামাইপাড়া গ্রামের পাঁচ থেকে ছয়জন বাংলাদেশি ওয়াহেদপুর সীমান্তের পিলার ১৬ /৪-এস-এর কাছ দিয়ে ভারতে যান। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার ২০ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনীচক ক্যাম্পের একটি টহল দল তাঁদের চ্যালেঞ্জ করে। তাঁরা বিএসএফ সদস্যদের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিএসএফ গুলি করলে গুলিবিদ্ধ হন তরিকুল ইসলাম। তাঁর সহযোগীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে বাংলাদেশের ভেতরে নিয়ে আসেন। পরে তিনি মারা যান। নিহত তরিকুল চোরাচালানের সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে।
নিহতের চাচা লাল মোহাম্মদ দাবি করেন, তরিকুল ইসলাম চোরাচালানের সঙ্গে সম্পৃক্ত নন। তিনি সীমান্তবর্তী ভারতের বিভিন্ন গ্রামে হরেক রকম মাল বিক্রি করতেন।
ঘটনার পর প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয় বিজিবি। এরপর আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তে দুই বাহিনীর মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে মেজর মিন্নাত আলী ও বিএসএফের পক্ষে চাদনিচক কোম্পানি কমান্ডার মিরাগ সিং নেতৃত্ব দেন।
নিহত তরিকুলের মরদেহ ময়নাতদন্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়।