বিএসএফের গুলিতে কৃষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জহুরুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। জহুরুলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জহুরুল উপজেলার ভূটিয়ামঙ্গল গ্রামের ধনর উদ্দিনের ছেলে।
হাতীবান্ধার দইখাওয়া বিজিবি ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার শংকর চন্দ্র দেব বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার গোতামারী ইউনিয়নের কুমারখোড়া সীমান্তের ৯০২ নম্বর মেইন পিলারের ২ নম্বর সাব পিলার-সংলগ্ন এলাকায় জমিতে চাষাবাদ করতে যান জহুরুল। এ সময় ভারতের কুচবিহার-২১ বিএসএফ ব্যাটালিয়নের বড়মরিচা ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে তাঁর পায়ে গুলি লাগলে তিনি গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যান। পরে পরিবারের লোকজন তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় বিএসএফের কাছে বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ ও চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। পরে কোম্পানি কমান্ডার পর্যায়ে গতকাল দুপুর ১২টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।
আজ (বৃহম্পতিবার) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।