বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বশিরহাট মহকুমার খলিষা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। গতকাল রোববার ভোর সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে। আহত রাখালদের নাম জিয়াউর রহমান মোল্লা (২৬) ও সিদ্দিকুর রহমান। গরু বহনকারীরা স্থানীয়ভাবে ‘রাখাল’ নামে পরিচিত। ভারত থেকে গরু আনার ক্ষেত্রে তাঁরা সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী সীমান্তপথ ব্যবহার করেন।
আহত জিয়াউর রহমান সাতক্ষীরা সদর উপজেলার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আতিয়ার রহমান মোল্লার ছেলে। তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপরজনের বিস্তারিত নাম ও পরিচয় জানা যায়নি।
সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজির আহমেদ বকশি জানান, তাঁরা শুনেছেন দুই বাংলাদেশি রাখাল আহত হয়েছেন। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে।