বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে গতকাল শনিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। তাঁরা হলেন বেনাপোলের কাগজপুকুর গ্রামের আলমগীর হোসেন (৪০) ও পুটখালীর উত্তরপাড়া গ্রামের ফারুক (৩০)।
আলমগীরকে যশোর জেনারেল হাসপাতালে ও ফারুককে শার্শা উপজেলার নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরদুর রহিম বলেন, বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত হয়েছেন। কিন্তু বিএসএফ এখনো দায়িত্ব শিকার করেনি। তার পরও বিজিবির পক্ষ থেকে তাদের কাছে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে। কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে। অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করার জন্য সীমান্তে মাইকে প্রচার চালানো হচ্ছে বলেও তিনি জানিয়েছেন।
আলমগীর বলেন, ‘আমরা কয়েকজন চরের মাঠে গরু আনতে যাই। আমাদের দিকে বিএসএফ নদীর ওপার থেকে গুলি ছোড়ে। একটি গুলি আমার শরীরে লাগে।’
হাসপাতালের চিকিৎসক আবদুর রশিদ বলেন, আলমগীরের ডান পায়ের উরুর ওপরে গুলিটি বিদ্ধ হয়েছে।