বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি গুলিবিদ্ধ
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চল্লিশপাড়া সীমান্তে গতকাল মঙ্গলবার এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন চল্লিশপাড়া এলাকার হানিফ মণ্ডলের ছেলে কাশেম আলী (৩৫) ও সলেমান শেখের ছেলে বাবর আলী (৩২)।
বিজিবি সূত্র ও আহত ব্যক্তিরা জানান, গতকাল ভোরে সাত-আটজনের একদল গরু ব্যবসায়ী ১৫৭/১৫ (আর) সীমান্ত পিলারসংলগ্ন চল্লিশপাড়া সীমান্ত দিয়ে আটটি গরু নিয়ে ফিরছিলেন। এ সময় পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার জলঙ্গী থানাধীন জলঙ্গী বিএসএফ ক্যাম্পের টহল দল তাঁদের ধাওয়া দেয়। গরু ব্যবসায়ীরা পালিয়ে আসার সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে পর পর তিনটি গুলি ছোড়ে। এতে কাশেম ও বাবর আলীর বাঁ পায়ের গোড়ালিতে গুলি লাগে। অন্যরা তাঁদের উদ্ধার করে চল্লিশপাড়া গ্রামে নেন।
খবর পেয়ে চিলমারী বিজিবির কোম্পানি অধিনায়ক সুবেদার রাকিবের নেতৃত্বে বিজিবি সদস্যরা গুলিবিদ্ধ ব্যক্তিদের দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মোস্তফা কামাল বলেন, তাঁদের পায়ে অস্ত্রোপচার করা হয়েছে। এখন তাঁরা আশঙ্কামুক্ত।
বাবর আলী অভিযোগ করে বলেন, ভারতীয় গরু ব্যবসায়ীরা সীমান্তে এসে গুরু দেওয়ার পরপরই বিএসএফ তাঁদের তাড়া করে। বাংলাদেশের সীমান্তে প্রবেশের পরও বিএসএফ গুলি করে চলে যায়।