ঝিনাইদহের মহেশপুর উপজেলার লেবুতলা এলাকার সীমান্তে গতকাল বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন।
ময়নাতদন্তের পর লাশ ফেরত দিতে চেয়েছে বিএসএফ। তবে গতকাল সন্ধ্যা সোয়া ছয়টা পর্যন্ত লাশ হস্তান্তর করা হয়নি।
নিহত ব্যক্তিরা হলেন লেবুতলা গ্রামের আমিনুর হোসেন (৩৮) ও জলুলী গ্রামের ফয়েজ হোসেন (৪২)। গুলিবিদ্ধ লেবুতলা গ্রামের আবুল কাশেমকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা সবাই গরু ব্যবসায়ী।
বিজিবি ২৬ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর হোসেন জানান, ভোর পাঁচটার দিকে একদল গরু ব্যবসায়ী লেবুতলা সীমান্তের ৬১ নম্বর পিলারের পাশ দিয়ে অবৈধভাবে কাঁটাতারের বেড়া পার হয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন। সে সময় বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই আমিনুর ও ফয়েজ নিহত হন। আবুল কাশেম গুলিবিদ্ধ হলেও পালিয়ে বাংলাদেশে ঢুকতে সক্ষম হন।
কমান্ডিং অফিসার আরও জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে লাশ ফেরত চেয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে চিঠি দেওয়া হয়। বেলা একটার দিকে লেবুতলা ক্যাম্প-সংলগ্ন মাঠে পতাকা বৈঠক হয়। ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিএসএফ।
নিহত আমিনুরের স্ত্রী রুসিয়া খাতুন কাঁদতে কাঁদতে জানান, তাঁর স্বামী ভারতে গিয়েছিলেন গরু আনতে। এভাবে প্রতিদিন অনেকেই গরু আনছে। অথচ বিএসএফ তাঁর স্বামীকে গুলি করে মারল।
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন মহেশপুরের যাদবপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান। তিনি জানান, বৈঠকে বিএসএফ অভিযোগ করে, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে ঢুকতে ব্যবসায়ীদের বাধা দেয় দুজন বিএসএফ সদস্য। ক্ষুব্ধ ব্যবসায়ীরা তাদের ওপর হামলা চালান। পরে বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে। এতে দুজন নিহত হন।