বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
কুড়িগ্রামের রৌমারী সীমান্ত ও ঝিনাইদহ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে এসব ঘটনা ঘটে।
নিহত দুই বাংলাদেশির একজন দুখু মিয়া (৩০)। বাড়ি রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামে। অপরজন জসিম উদ্দিন মণ্ডল (২৭)। বাড়ি চুয়াডাঙা জেলার বেগমপুর গ্রামে।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বলছে, আজ ভোররাতে রৌমারী উপজেলার ফকিরপাড়া সীমান্তের ১০৬১ আন্তর্জাতিক সীমান্ত পিলারের কাছে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফ সদস্যরা দুখু মিয়াকে লক্ষ্য করে গুলি ছোড়ে। রৌমারী থানা-পুলিশ ও গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের জোয়ানরা সকাল নয়টার দিকে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
জামালপুর বিজিবি ৩৫ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল রফিকুল হাসানের ভাষ্য, ওই ঘটনায় গয়টাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ ও পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।
বিজিবি ৫৮ ব্যাটালিয়নের কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম বলেন, আজ ভোরে ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙা গ্রামের ওপারে ভারতীয় অংশে সহযোগীদের সঙ্গে গরু আনতে গিয়েছিলেন জসিম। এ সময় বিএসএফের গুলিতে নিহত হন তিনি। জসিম গরু ব্যবসায়ী ছিলেন বলে জানা গেছে।
জসিমের লাশ ভারতের নদীয়া জেলার হাঁসখালি থানায় নেওয়া হয়েছে বলে জানতে পেরেছে বিজিবি। তাঁর লাশ ফেরত আনার ব্যাপারে বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করেছে। ঘটনার প্রতিবাদও জানানো হয়েছে।