বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহের মহেশপুরের খোশালপুর সীমান্তের কাছে ভারত সীমান্তের মধ্যে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশের দুই গরু ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল সোমবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের কুমারী ক্যাম্প এলাকায় সোহেল হোসেন (২১) ও হারুন অর রশিদ (২২) নামের ওই বাংলাদেশি গরু ব্যবসায়ীকে বিএসএফ গুলি করে হত্যা করে বলে গ্রামবাসী জানিয়েছেন। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আজ মঙ্গলবার জানিয়েছে, তারা ঘটনাটির সত্যতার বিষয়ে এখনো নিশ্চিত নন।

গ্রামবাসী জানান, সোহেলের বাড়ি উপজেলার খোশালপুর গ্রামে আর হারুনের বাড়ি শ্যামকুড় গ্রামে। ঘটনার সময় আরও একজন গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হয়েছেন বলে গ্রামবাসী জানিয়েছেন।

বাঘাডাঙ্গা গ্রামের বাসিন্দা স্বপন মিয়া বলেন, পাশের খোশালপুর গ্রামের ১২ থেকে ১৫ জন সোমবার রাতে গরু আনার উদ্দেশ্যে ভারতে প্রবেশ করেন। রাত ১২টার দিকে তাঁরা মহেশপুরের খোশালপুর বিজিবি ক্যাম্পের বিপরীতে ভারতের কুমারী ক্যাম্পের ৯৩ নম্বর পিলারের কাছে পৌঁছালে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। দুজন ঘটনাস্থলে মারা যান। আহত অপর ব্যক্তি গোপনে চিকিৎসা নিচ্ছেন।

স্বপন মিয়া আরও জানান, যাঁরা গরু আনতে গিয়েছিলেন, তাঁদের সবাই এখনো ফিরে আসেননি। তবে যাঁরা এসেছেন, তাঁরা গোপনে জানিয়েছেন, দুজন মারা গেছেন আর একজন আহত হয়েছেন।

আজ মঙ্গলবার মহেশপুর সীমান্তের বিজিবির বাঘাডাঙ্গা কোম্পানি কমান্ডার জাকির হোসেন জানান, ভারত সীমান্তের ভেতরে দুজন নিহত হয়েছেন বলে তাঁরা শুনেছেন। কারও লাশ দেখার সুযোগ এখনো তাঁদের হয়নি। ফলে কোনো কিছুই নিশ্চিত করা যাচ্ছে না।