বিএসএফের গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ হস্তান্তর
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চাড়ালডাঙ্গা সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির মরদেহ ফেরত দিয়েছে বিএসএফ। আজ মঙ্গলবার দুপুরের দিকে মরদেহ হস্তান্তর করা হয়।
৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান ও গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম জানান, দুপুরে চাড়ালডাঙ্গা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে গোমস্তাপুর থানা-পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করে ভারতের মালদা জেলার হবিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার দত্ত। এ সময় উপস্থিত ছিলেন ভারতের মালদা সেক্টরের ভারপ্রাপ্ত কমান্ডার এম এ জয়ীসহ বিএসএফ সদস্যরা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেনসহ বিজিবির সদস্যরা। এ সময় বিএসএফের পক্ষ থেকে এ ঘটনার জন্য দুঃখ প্রকাশ ও নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, সীমান্তে গোলাগুলির ঘটনা সম্পর্কের অবনতির দিকে নিয়ে যায়, তাই এই ধরনের ঘটনা যেন পুনরায় না ঘটে সেই লক্ষ্যে পতাকা বৈঠকে বিএসএফের প্রতি কড়া প্রতিবাদ জানিয়েছে বিজিবি।
গোমস্তাপুর থানার ওসি মোহাম্মদ ইব্রাহীম জানান, বেলা দেড়টার দিকে প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে নিহত জবদুল হকের মরদেহ তাঁর স্ত্রী আকলিমা খাতুন ও শাহজাহান আলীর মরদেহ তাঁর স্ত্রী জোবেদা খাতুনের কাছে হস্তান্তর করা হয়েছে।