বিএসএফের গুলিতে নিহত নজরুলের লাশ ফেরত

দিনাজপুরের বিরামপুর সীমান্তে বাংলাদেশের অংশে ঢুকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এলোপাতাড়ি গুলিতে নিহত খেতমজুর নজরুলের দাফন সম্পন্ন হয়েছে।
২৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল করিম জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে নজরুলের লাশ দাফন করা হয়। যে স্থানে তাঁকে হত্যা করা হয়, সেই নয়াপুকুরপাড়েই তাঁকে কবর দেওয়া হয়েছে।
গতকাল বেলা তিনটার দিকে নজরুলের বাড়িতে যান এই প্রতিবেদক। ছেলে জিসান আর মেয়ে সুমাইয়াকে বুকে জড়িয়ে ধরে তখন বিলাপ করছিলেন নজরুলের স্ত্রী পলাশী আখতার। চোখের সামনে প্রিয় স্বামীকে হত্যার পর বুকে লাথি মেরে কুকুরের মতো টেনেহিঁচড়ে নিয়ে যাওয়ার দৃশ্যের বর্ণনা দিচ্ছিলেন। উপস্থিত সবাই সে বর্ণনা শুনছিলেন।
বিএসএফের গুলিতে আহত আরেক খেতমজুর সাহাজুল ইসলামের ছোট ভাই ওয়াহেদুল ইসলাম প্রথম আলোকে জানান, বর্তমানে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সাহাজুল ইসলামের অবস্থাও সংকটাপন্ন। সোমবারই তাঁদের শুধু নয় হাজার টাকার ওষুধ লেগেছে। তাঁর চিকিৎসা করানোর মতো সামর্থ্য তাঁদের নেই।
বাংলাদেশে ঢুকে খেতমজুরকে হত্যা করল বিএসএফগতকাল বিকেলে চাপড়া সীমান্তের ২৯৫ মেইন পিলারের কাছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা পুলিশের এসআই উৎপল চ্যাটার্জি নজরুলের লাশ হস্তান্তর করেন। বিরামপুর থানার এসআই মমতাজুল হক লাশটি গ্রহণ করেন। বিকেলেই লাশটি চাপড়া গ্রামে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক পরিবেশ সৃষ্টি হয়। প্রিয় স্বামীর নিথর মুখটি দেখার পর মূর্ছা যান পলাশী আখতার। কান্নার রোল পড়ে যায় সেখানে। নজরুল হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু বিচারের দাবি তোলেন পরিবারের সদস্যরা।
গত সোমবার সকাল ১০টার দিকে চাপড়া সীমান্তে ২৯৫ মেইন পিলারের কাছে বাংলাদেশের ৫০ গজ ভেতরে বিএসএফ সদস্যরা অতর্কিতে ঢুকে খেতমজুরদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে নজরুল ইসলাম নিহত হন। এরপর তাঁরা লাশটি টেনেহিঁচড়ে ভারতে নিয়ে যায়।