বিএসএফের গুলিতে নিহত ২ বাংলাদেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় সীমান্তের ওপারে গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে জবদুল হক (৩০) ও শাহজাহান ভুট্টু (৩৪) নামের দুই বাংলাদেশি নিহত হয়েছেন। একই দিন ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটকের পর বিএসএফের কাছে হস্তান্তর করেছে বার্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নিহত জবদুল হক গোমস্তাপুরের চাড়ালডাঙ্গা গ্রামের বাসিন্দা। শাহজাহান ভুট্টু বেগপুর গ্রামের।
চাঁপাইনবাবগঞ্জে ৪৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, গতকাল পতাকা বৈঠকে বিএসএফ দাবি করে, নিহত দুই বাংলাদেশিসহ আরও চার-পাঁচজন চোরাচালানি রোববার রাত দুইটার দিকে চাড়ালডাঙ্গা সীমান্তের ২১৯ নম্বর পিলারের ওপারে কাঁটাতারের বেড়া কেটে ভারতের অনুরাধাপুর সীমান্তের ভেতরে প্রবেশ করেন। এ সময় বিএসএফের একটি টহল দল তাঁদের প্রতিরোধ করতে এগিয়ে গেলে দেশীয় অস্ত্র নিয়ে তাঁরা হামলা চালান। বিএসএফও পাল্টা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। তবে তাঁদের সঙ্গীরা পালিয়ে যান। এ সময় বিএসএফেরও একজন সিপাহি আহত হন।
লে. কর্নেল মো. জাহিদ হাসান আরও বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। পতাকা বৈঠকের পর যৌথ তদন্ত দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। আজ মঙ্গলবার সকালে লাশ দুটো হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিএসএফ।
বিজিবির ১২ ব্যাটালিয়ন অধিনায়ক (সিও) লে. কর্নেল আতাউল্লাহ জামি প্রথম আলোকে বলেন, কসবায় আটক সম্রাট হোসেন মুন্না (১৭) ভারতের ত্রিপুরা রাজ্যের সিপাহীজলা জেলার কুয়াডেপা গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে। রোববার গভীর রাতে সে কসবার বায়েক ইউনিয়নের মাদলা গ্রামে ভারতীয় সীমান্তের ২০৪৭ নম্বর পিলার এলাকায় বাংলাদেশের ভেতরে ঘোরাফেরা করছিল। এ সময় টহলরত মাদলা বিজিবি ক্যাম্পের জোয়ানেরা তাকে আটক করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। পরে বিষয়টি বিএসএফকে জানানো হলে গতকাল দুপুরে ২০৪৭ নম্বর পিলারের কাছে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে বৈঠক হয়। এ সময় মুন্নাকে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।