বিএসএফের গুলিতে প্রাণ গেল দুই বাংলাদেশির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার সদর উপজেলার তলুইগাছা সীমান্তের বিপরীতে ভারতের নিত্যানন্দকাঠি এলাকায় সে দেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে এ ঘটনা ঘটে।
এ ছাড়া মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত থেকে এক বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তি পাঁচ দিন ধরে নিখোঁজ ছিলেন।
সীমান্তে বিএসএফের হাতে বাংলাদেশি নিহত হওয়ার পর প্রায় প্রতিটি ঘটনায় প্রতিবাদ জানায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। এরপর প্রায় ক্ষেত্রে বিএসএফ দুঃখ প্রকাশ করে বলে, এ ধরনের ঘটনা যাতে না ঘটে সে জন্য তারা সতর্ক থাকবে। গত আগস্টে নয়াদিল্লিতে অনুষ্ঠিত দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালকদের বার্ষিক সম্মেলনেও বাংলাদেশের পক্ষ থেকে বিষয়টি তোলা হয়েছিল। তখন ভারত জানায়, সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনাই ভারতের লক্ষ্য। জওয়ানদের এ বিষয়ে কঠোর নির্দেশও দেওয়া হয়েছে।
গতকাল সাতক্ষীরায় নিহত দুজন হলেন সদর উপজেলার পাঁচরকি গ্রামের মো. নজরুল ইসলাম (৪৫) ও কলারোয়ার কাকডাঙ্গা গ্রামের আবদুল খালেক সরদার (৪০)।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সাতক্ষীরার ৩৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন বলেন, সীমান্তরেখা থেকে আনুমানিক এক হাজার গজ ভারতের অভ্যন্তরে নিহত হয়েছেন দুই বাংলাদেশি। এ ঘটনায় গতকাল সকাল সাড়ে আটটার দিকে বিজিবির পক্ষ থেকে ভারতের কল্যাণী ৭৬ বিএসএফ ব্যাটালিয়নের আমুদিয়া ক্যাম্পে প্রতিবাদ জানানোর পাশাপাশি পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। বেলা দুইটার দিকে তলুইগাছা শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে ৩৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আরমান হোসেন ও উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হোসেন এবং ভারতের পক্ষে ছিলেন কল্যাণী ৭৬ বিএসএফের অধিনায়ক কর্নেল রাজেশ কুমার ও উপ-অধিনায়ক মেজর অনিল গুলিরিয়া।
আরমান হোসেন বলেন, পতাকা বৈঠকে বিএসএফ জানায়, গতকাল ভোরে কয়েকজন বাংলাদেশি ভারত থেকে গরু নিয়ে আসছিলেন। এ সময় বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার নিত্যানন্দকাঠি এলাকায় বিএসএফ তাঁদের থামতে বলে। এ সময় একজন বাংলাদেশি বিএসএফের এক সদস্যের ওপর হামলা চালালে তাঁরা গুলি ছোড়েন। নিহত বাংলাদেশিদের মরদেহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত ফেরত দেওয়া হবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়াতে সচেষ্ট থাকবে বলে জানায় বিএসএফ।
তবে নাম প্রকাশ না করার শর্তে একজন গরুর রাখাল জানান, বিএসএফ সদস্যদের ওপর হামলার কোনো ঘটনা ঘটেনি। গরু নিয়ে আসার সময় বিএসএফ বাংলাদেশিদের থামতে বলেছিল। কিন্তু তাঁরা না থামায় বিএসএফ সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন।
কুলাউড়া সীমান্তে নিখোঁজ চা-শ্রমিকের লাশ: উপজেলার ডবলছড়া সীমান্তের শূন্যরেখার ভারতীয় অংশ থেকে গতকাল সকালে উদ্ধার করা হয়েছে রাধে শ্যামভর (৩৫) নামের এক চা-শ্রমিকের লাশ। তিনি কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের চাতলাপুর চা-বাগানের নারায়ণ ধরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্র জানায়, চাতলাপুর চা-বাগানের শ্রমিক রাধে শ্যামভর ও দীলিপ পাশি (৩৫) গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। এদিন দুপুরের পর তাঁরা দুজন জ্বালানি কাঠ সংগ্রহ করতে সীমান্তের পাহাড়ি এলাকায় যান। আর ফিরে আসেননি। গতকাল সকালে স্থানীয় লোকজন ডবলছড়া সীমান্তের ১৮৭৩ নম্বর সীমান্ত খুঁটি-সংলগ্ন শূন্যরেখার ভারতীয় অংশের প্রায় ২০ ফুট ভেতরে রাধে শ্যামভরের লাশ পড়ে থাকতে দেখে। ভারতীয় অংশের ভেতরে থাকায় বিএসএফ বিকেল সাড়ে চারটার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি তাদের হেফাজতে নিয়ে যায়।
বিজিবি শ্রীমঙ্গলের সেক্টর কমান্ডার কর্নেল তারিকুল ইসলাম খান গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘নিহতের শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। মৃত্যুর বিষয়টি রহস্যাবৃত। এ নিয়ে বিএসএফের সঙ্গে কয়েক দফা কথা হয়েছে। ভারতীয় অংশে পাওয়ায় বিএসএফ লাশ নিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে আগামীকাল লাশ হস্তান্তর করবে।’