বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার ভোমরা সীমান্তের বিপরীতে ভারতের পানিতর এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নাজমুল ইসলাম (৩৫) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।

আহত নাজমুলকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাজমুলের বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার মাহমুদপুর গ্রামে। বাবার নাম নুরুল ইসলাম।

এলাকাবাসী জানান, নাজমুলসহ কয়েকজন ভারত থেকে আজ ভোরে গরু নিয়ে আসছিলেন। বাংলাদেশে ঢোকার আগ মুহূর্তে ভারতের মধ্যে (৫০ গজ) পানিতর এলাকায় বিএসএফের সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়েন। নাজমুলের ডান হাতে গুলি লাগে। তিনি অন্যদের সহযোগিতায় বাংলাদেশে চলে আসেন।

নাজমুলের মা আয়শা খাতুন জানান, তাঁর ছেলে ভোমরা স্থলবন্দরে শ্রমিকের কাজ করেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে রাতে বাড়ি ফেরেননি। আজ সকালে তিনি জানতে পারেন, বিএসএফ তাঁকে গুলি করেছে। কী কারণে বিএসএফ তাঁকে গুলি করেছে, তিনি জানেন না।

সাতক্ষীরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সা কর্মকর্তা পরিমল বিশ্বাস জানান, নাজমুলের ডান হাতে গুলি লেগেছে। তাঁকে চিকিত্সা দেওয়া হচ্ছে।

সাতক্ষীরা ৩৮ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়নের অপারেশন কর্মকর্তা আহসান হাবিব জানান, বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি আহত হয়েছেন। তিনি কী কারণে আহত হয়েছেন, তা এখনই বলা যাচ্ছে না।