বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। তাঁর নাম আমিনুল ইসলাম। উপজেলার উত্তর অনন্তপুর সীমান্তে গতকাল শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে।
সীমান্ত এলাকার হাছেন আলী ও আ. ছালাম মিয়া বলেন, ৯৪৭ নম্বর আন্তর্জাতিক সীমানা মেইন পিলারের কাছ দিয়ে দুই দেশের কয়েকজন গরু ব্যবসায়ী ১৫-২০টি গরু বাংলাদেশে নিয়ে আসার চেষ্টা করছিলেন। এ সময় বিএসএফের ৪২ নম্বর ব্যাটালিয়নের অধীনে থরাইখানা চৌধুরীর হাট ক্যাম্পের টহলরত বিএসএফের সদস্যরা তাঁদের দিকে গুলি ছোড়েন। এতে আমিনুল ইসলামের পিঠে গুলি লাগে। এ সময় অন্যরা পালিয়ে যান। আহত আমিনুল ইসলাম দৌড়ে পার্শ্ববর্তী গ্রামে চলে যান।
আমিনুলের পরিবারের সদস্যরা বলেন, আমিনুল ওই গ্রামের একটি বাড়িতে আশ্রয় নিয়েছেন। সেখানে তাঁর চিকিৎসা চলছে।
বিজিবির ৪৫ ব্যাটালিয়নের অধীন অনন্তপুর ক্যাম্পের হাবিলদার নাজমুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলির ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।