বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তর মিয়া নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গতকাল বুধবার রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর নিহত যুবকের লাশ নিয়ে যায় বিএসএফ। পরে আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর লাশ ফেরত দেয় বিএসএফ।
বুড়িমারী বিজিবি সদর কোম্পানির কমান্ডার সুবেদার মোহন লাল বলেন, গতকাল রাত তিনটার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর পিলারের কাছে বিএসএফ সদস্যরা অন্তর মিয়াকে গুলি করে। ঘটনাস্থলেই মারা যান তিনি। বিএসএফ তাঁর লাশ নিয়ে যায়। বিজিবি এ ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়।
লালমনিরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী প্রথম আলোকে বলেন, আজ দুপুরে এ নিয়ে বিজিবি ও বিএসএফের মধ্যে বৈঠক হয়েছে। বিএসএফ সন্ধ্যার দিকে লাশ ফেরত দেওয়ার সিদ্ধান্ত জানায়। এর পরিপ্রেক্ষিতে সন্ধ্যায় অন্তর মিয়ার লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম প্রথম আলোকে বলেন, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই যুবকের লাশ বিজিবির কাছে হস্তান্তর করে বিএএসএফ। এর পর পুলিশ নিহতের বাবা আমিনুর রহমানের কাছে লাশ বুঝিয়ে দেয়।