বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে গত বুধবার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তর মিয়া (২৬) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।
অন্তর পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন এলাকার আমিনুর রহমানের ছেলে। তিনি ভারত থেকে গরু আনার কাজ করতেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তরের লাশ ফেরত দিয়েছে বিএসএফ।
বুড়িমারী বিজিবি সদর কোম্পানির কমান্ডার সুবেদার মোহন লাল জানান, বুধবার দিবাগত রাত তিনটার দিকে বুড়িমারী সীমান্তের ৮৪৩ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের ১২০ গজ অভ্যন্তরে টহলরত বিএসএফের সদস্যরা অন্তর মিয়াকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। তাঁর লাশ নিয়ে যায় বিএসএফের সদস্যরা। মোহন লাল বলেন, এ ঘটনার ব্যাখ্যা চেয়ে ও হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়েছে।
লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী জানান, ওই ঘটনার পর গতকাল দুপুরে চ্যাংড়াবান্ধায় বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়। ওই বৈঠকের পর লাশ ফেরত দেওয়া হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে অন্তরের লাশ বিজিবির মাধ্যমে ফেরত দিয়েছে বিএসএফ। পুলিশ লাশ গ্রহণ করে অন্তরের বাবার কাছে হস্তান্তর করেছে।