বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর পোরশা উপজেলার হাঁপানিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে জহিরুল ইসলাম (৩৮) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গত বুধবার রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। এ সময় বকুল হোসেন (২২) নামের এক গরু ব্যবসায়ী আহত হয়েছেন।
নিহত জহিরুল জেলার পোরশা উপজেলার দুয়ারপাল পশ্চিম পাড়া গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে। আহত বকুল হোসেন একই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
হাঁপানিয়া বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার মোফাজ্জল হোসেন জানিয়েছেন, বুধবার রাতে ১০-১২ জন বাংলাদেশি গরু ব্যবসায়ী সীমান্তের ২৩২ নম্বর পিলারের কাছ দিয়ে দেশে ফেরার পথে ভারতের টেক্কাপাড়ার বিএসএফ সদস্যরা তাঁদের ধাওয়া করেন। গরু ব্যবসায়ীরা দৌড় দিলে বিএসএফ হাতবোমা ছোড়ে ও রাবার বুলেট ব্যবহার করে গুলি করে। এতে জহিরুল ও বকুল আহত হন। হাতবোমা বিস্ফোরণে জহিরুলের পুরো শরীর ঝলসে যায়। গুরুতর অবস্থায় জহিরুল ও বকুল হামাগুড়ি দিয়ে বাংলাদেশের ভেতরে চলে আসেন। খবর পেয়ে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে।
আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে জহিরুলের মৃত্যু হয়। আহত বকুল হোসেনকে প্রাথমিকভাবে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ১৪ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল রফিকুল হাসান জানান, রাবার বুলেট ও হাতবোমার আঘাতে ওই দুই গরু ব্যবসায়ী আহত হন। হাসপাতালে নেওয়ার পথে জহিরুল ইসলাম মারা যান। বকুল ডান হাতে আঘাত পেয়েছেন।