বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত, আহত ৬
চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশিদের ওপর গুলি চালিয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এতে নিহত হয়েছেন একজন এবং গুলিবিদ্ধ হয়েছেন ছয়জন।
প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ফতেপুর সীমান্তের ওপারে নিহত বাংলাদেশির নাম আনোয়ার হোসেন (২৫)। তিনি উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গাইপাড়া এলাকার সেন্টু মিয়ার ছেলে।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) চাঁপাইনবাবগঞ্জ-৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নাজমুল আলম বলেন, বুধবার রাতে গরু নিয়ে ফেরার সময় সীমান্ত পিলার ১০/২ সংলগ্ন এলাকায় বিএসএফের ঠাকুরবাড়ি ক্যাম্পের সদস্যরা গুলি চালান। এতে ঘটনাস্থলেই মারা যান আনোয়ার। পরে তাঁর লাশ উদ্ধার করে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে বিএসএফ।
নাজমুল আলম আরও বলেন, গতকাল বৃহস্পতিবার পতাকা বৈঠকে গুলিতে আনোয়ারের নিহত হওয়ার কথা স্বীকার করে বিএসএফ। ময়নাতদন্ত শেষে আনোয়ারের লাশ বিজিবির কাছে ফেরত দেওয়া হবে বলে জানিয়েছে বিএসএফ।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লালমনিরহাট সদর উপজেলার চওড়াটারি গ্রামে ঢুকে গুলি চালায় বিএসএফ। এতে পাঁচ বাংলাদেশি গুলিবিদ্ধ হন। আহত ব্যক্তিদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজিবি-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক আহম্মেদ বজলুর রহমান হায়াতী জানান, গুলি চালিয়ে ফিরে যাওয়ার সময় বিএসএফ বাংলাদেশ থেকে চারটি গরু নিয়ে গেছে। এ ব্যাপারে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে মৌখিকভাবে প্রতিবাদ পাঠানো হয়েছে।
বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজন বলেন, কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি সীমান্ত দিয়ে বুধবার রাতে কয়েকজন গরু ব্যবসায়ী গরু নিয়ে বাংলাদেশে ঢুকছিলেন। এ সময় ভারতের ১০১ বিএসএফ ব্যাটালিয়নের সাহেবগঞ্জ সীমান্ত ফাঁড়ির জওয়ানেরা
তাঁদের গুলি করেন। এতে দক্ষিণ পাথরডুবি গ্রামের মকবুল হোসেনের ছেলে নূর ইসলাম ওরফে গোদা মিয়া (৩৫) ও ভারতের কোচবিহার জেলার দিনহাটা এলাকার জাকির হোসেন (৪৪) গুলিবিদ্ধ হন।
কুড়িগ্রাম ৪৫ বিজিবি ব্যাটালিয়নের পাথরডুবি বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার রফিক জানান, গুলির ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি। সীমান্তে টহল জোরদার করা হয়েছে।