বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
লালমনিরহাটের সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অমূল্য চন্দ্র বর্মণ নামে বাংলাদেশি এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে জেলার হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত অমূল্য চন্দ্রের বাড়ি দইখাওয়া এলাকায়। তাঁর বাবার নাম মহেশ চন্দ্র বর্মণ।
লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ভারতের বিএসএফের একটি টহল দল সীমান্তের মেইন পিলার ৯০১ (সাব পিলার-৬) এর কাছে অমূল্য চন্দ্রকে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। পরে বিজিবির সদস্যরা তার লাশ উদ্ধার করে আনে।
লালমনিরহাট ১৫-বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী প্রথম আলোকে বলেন, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে ভারতের পশ্চিম বঙ্গের কুচবিহার জেলার বড় মরিচাবাড়ী ২১ বিএসএফ ব্যাটালিয়নের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে কেন গুলি করে বাংলাদেশিকে হত্যা করা হলো—তা জানতে পতাকা বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
এ ব্যাপারে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন প্রধান বলেন, ময়নাতদন্তের জন্য অমূল্য চন্দ্রের লাশ লালমনিরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।