বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
দিনাজপুরের বড়গ্রাম সীমান্তে আজ বৃহস্পতিবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. নুরুজ্জামান (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।
নিহত নুরুজ্জামান সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রামের শহিদুর রহমানের ছেলে। সীমান্তের ৩১১ মূল পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে এ ঘটনা ঘটে।
২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী প্রথম আলোকে বলেন, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আজ বেলা ১১টার দিকে বড়গ্রাম সীমান্তের কাছে পতাকা বৈঠকে বসে বিজিবি-বিএসএফ। পতাকা বৈঠকে বিএসএফের সদস্যরা বিজিবি অধিনায়ককে জানান যে আজ ভোরে নুরুজ্জামানসহ পাঁচজনের একটি দল ভারতে গরু আনতে যায়। এ সময় বিএসএফ সদস্যরা ধাওয়া করলে ওই পাঁচজনের দল লাঠি দিয়ে বিএসএফের সদস্যদের আঘাত করে। তখন বিএসএফ গুলি করলে নুরুজ্জামানের পায়ে গুলি লাগে। পরে হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয় বলে বিএসএফ সদস্যরা বিজিবির অধিনায়ককে জানিয়েছে।
কমলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাজেদুর রহমান সরকার প্রথম আলোকে বলেন, নুরুজ্জামান গরু ব্যবসায়ী ছিলেন।