বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের জোহরপুর সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে ভারতের চাঁদনিচক এলাকায় ওই গুলির ঘটনা ঘটে। গুলিতে আহত হওয়ার পর আজ বুধবার সকালে ওই বাংলাদেশির মৃত্যু হয়।
নিহত বাংলাদেশির নাম বেনজির আলী (২২)। তাঁর বাড়ি শিবগঞ্জ উপজেলার দুর্লোভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে বলে স্থানীয়দের ভাষ্য।
চাঁপাইনবাবগঞ্জের ৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আহমেদ জুনায়েদ আলম খানের ভাষ্য, গতকাল রাতে জোহরপুর সীমান্ত দিয়ে গরু আনার জন্য ভারতে যান বেনজির। সীমান্ত থেকে প্রায় দুই কিলোমিটার ভেতরে বিএসএফের গুলিতে বেনজির গুরুতরভাবে আহত হন। পরে তাঁর সহযোগীরা তাঁকে উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন। আজ সকালে তাঁর মৃত্যু হয়।
ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেওয়ার কথা জানিয়েছে বিজিবি।