বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার কানাকাটা প্রেমচরণজোত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সুজন (২২) নামের এক বাংলাদেশি তরুণ মারা গেছেন। আজ সোমবার বিকেল চারটার দিকে এ ঘটনা ঘটে। তিনি ওই এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী ও বিজিবি সূত্রে জানা গেছে, সুজন ওই সীমান্তের ৪৩৮ নম্বর প্রধান সীমান্ত পিলারের পাশে গাবরা নদীর চরে ঘাস কাটছিলেন। এ সময় ভারতের লিচুগাছ সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়েন। একটি গুলি তাঁর পিঠে লাগে। এলাকার লোকজন গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ বিএসএফের গুলিতে এক বাংলাদেশি মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।’