বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
যশোরের শার্শা উপজেলার পুটখালী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে শহীদুল ইসলাম (৩০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে এ গুলির ঘটনা ঘটে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে ঘটনাস্থলেই বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে সীমান্তে আর গুলি না চালানোর প্রতিশ্রুতি দিয়েছে বলে জানিয়েছেন বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক।
নিহত শহীদুল শার্শার পুটখালী উত্তরপাড়া গ্রামের সাদেক হোসেনের ছেলে।
বিজিবি বলেছে, শুক্রবার রাতে ৮-১০ জন গরু আনতে ভারতে গেলে সীমান্তে বিএসএফের সদস্যরা তাঁদের ওপর গুলি চালান। এতে কপালে গুলিবিদ্ধ হয়ে শহীদুল নিহত হন। গতকাল সকালে সীমান্তের ইছামতী নদীতে তাঁর লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন বিজিবিকে খবর দেন। বিজিবির ২১ ব্যাটালিয়নের সদস্যরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠান।
বিজিবি-বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবির ২১ ব্যাটালিয়নের অধিনায়ক আরিফুল হক ও ভারতের পক্ষে বিএসএফের ৬৪ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অজয় কুমার উপস্থিত ছিলেন।
অধিনায়ক আরিফুল হক প্রথম আলোকে বলেন, বৈঠকে বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যার ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়েছে। সেই সঙ্গে বিএসএফ অধিনায়ককে বলা হয়েছে, সীমান্তে আর যেন কোনো বাংলাদেশিকে গুলি করে হত্যা করা না হয়। কোনো বাংলাদেশি অবৈধভাবে ভারতে প্রবেশ করলে তাঁকে আটকের পর হত্যা বা নির্যাতন না করে বিজিবির কাছে হস্তান্তর করতেও বলা হয়েছে। এ বিষয়ে লিখিত প্রতিবাদ পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।