বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের বুড়িরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোররাতে এ ঘটনা ঘটে।

নিহত বাংলাদেশির নাম মহিবুর রহমান (৩৮)। তাঁর বাড়ি কালীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী মালগাড়া গ্রামে। বাবার নাম নজু প্রামাণিক।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রের ভাষ্য, ভোররাত পৌনে চারটার দিকে সীমান্তের ৯১৫ নম্বর আন্তর্জাতিক মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছ থেকে গরু আনার সময় বিএসএফের গুলিতে নিহত হন মহিবুর। সঙ্গীরা তাঁর লাশ বাড়িতে নিয়ে আসেন।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আহমেদ বজলুর রহমান হায়াতী বলেন, তাঁরা এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়েছেন। বিএসএফকে চিঠি দিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, খবর পেয়ে মহিবুরের বাড়ির উদ্দেশে পুলিশ রওনা হয়েছে। মহিবুরের লাশের ময়নাতদন্ত হবে। এরপর তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।