বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলার চাপড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নজরুল ইসলাম (২৯) নামের এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন। গুলিতে সাহাজুল ইসলাম নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত হন। আরিফুল ইসলাম নামের একজনকে ধরে নিয়ে গেছে বিএসএফ। আজ সোমবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত নজরুল ইসলাম চাপড়া গ্রামের মোজাম উদ্দিনের ছেলে।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় সাহাজুল ইসলাম দাবি করেন, সকালে তাঁরা ২০-২৫ জন কৃষক জমিতে চাষাবাদের কাজ করছিলেন। সকাল ১০টার দিকে ছয়জন বিএসএফ সদস্য কাঁটাতার পার হয়ে বাংলাদেশ সীমান্তে ঢুকে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই বিএসএফ সদস্যরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এতে ঘটনাস্থলেই নজরুল নিহত হন। এরপর বিএসএফ সদস্যরা নজরুলের লাশ ও আরিফুলকে ধরে নিয়ে যায়। কিছুক্ষণ পরে বিএসএফ সদস্যরা লাশটি সীমান্তের কাঁটাতারের পাশে ফেলে রেখে যায়।

এ ব্যাপারে জানতে যোগাযোগ করা হলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দিনাজপুর ২৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশিদ প্রথমে মোবাইল ফোনের কলে সাড়া দেননি। পরে ফোনটি বন্ধ পাওয়া যায়।

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামানের ভাষ্য, তিনি ঘটনাটি শুনেছেন।

বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা মো. বাবলু হোসেন জানান, সাহাজুলের ডান পায়ের গোড়ালিতে গুলি লেগেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।