বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
পঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম ছামুল হক (৩৫)। তাঁর বাড়ি হাড়িভাসা ইউনিয়নের শামপাড়া গ্রামে। বাবার নাম সফিজ উদ্দিন।
পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গরু আনতে গতকাল রাতে ভারতে গিয়েছিলেন ছামুল। আজ ভোরে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে পালিয়ে দেশে এসে মারা যান।
বিজিবি ও নাম প্রকাশ না করা কয়েকটি সূত্রের ভাষ্য, ছামুলসহ কয়েকজন গরু আনতে ভারতে গিয়েছিলেন। আজ ভোরে দেশে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে বেরুবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি ছোড়েন। এতে ছামুল গুলিবিদ্ধ হন। ওই অবস্থায়ই পালিয়ে দেশে ফিরে আসেন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।