বিএসএফের গুলিতে বাংলাদেশির মৃত্যু
নওগাঁর ধামইরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে গোলাপ হোসেন (২৮) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত শনিবার রাত ১১টার দিকে উপজেলার চকিলাম সীমান্তে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গতকাল রোববার দুপুরে ধামইরহাটের শিমুলতলী সীমান্তে বিএসএফ এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
নিহত গোলাপ হোসেন ধামইরহাট উপজেলার উমার ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের মৃত খায়রুল ইসলামের ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে চকিলাম সীমান্তের মেইন পিলার ২৬৫–এর টু-আর সীমান্ত এলাকা দিয়ে তিন-চারজন বাংলাদেশি যুবক ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় এলাকায় টহলরত ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সীমান্তের চকরাম বিএসএফ ক্যাম্পের সদস্যদের দেখতে পেয়ে তাঁরা দৌড়ে বাংলাদেশ সীমান্তের দিকে পালিয়ে আসার চেষ্টা করেন। এ সময় বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছুড়লে গোলাপ হোসেন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন। পরে বিএসএফ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ভারতের বালুরঘাট থানা-পুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনার প্রতিবাদ জানিয়ে গতকাল সকালে বিজিবির পক্ষ থেকে বিএসএফের কাছে চিঠি পাঠানো হয়। পরে বেলা দুইটার দিকে দুই বাহিনীর ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক হয়।
১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আলী রেজা বলেন, ‘বৈঠকে আমরা তীব্র প্রতিবাদ জানিয়েছি। অনুপ্রবেশকারীরা মাদক ব্যবসায়ী ছিল বলে দাবি করেছে বিএসএফ। গোলাপের লাশ দ্রুত ফেরত দেওয়ার দাবি জানানো হয়েছে। সোমবারের মধ্যে ময়নাতদন্ত শেষে ভারতীয় পুলিশের লাশ ফেরত দেওয়ার কথা রয়েছে।’