বিএসএফের গুলিতে যুবক নিহত
মেহেরপুরের মুজিবনগর সীমান্তে গত শুক্রবার রাতে বিএসএফের গুলিতে আবদুল খালেক (৩১) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। তিনি উপজেলার বাগোয়ান ইউনিয়নের সোনাপুর মাঝপাড়া গ্রামের ধুলু মল্লিকের ছেলে। বিএসএফ বলেছে, ভুলে এ ঘটনা ঘটেছে।
মাঝপাড়া গ্রামের কয়েকজন বাসিন্দা জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে মুজিবনগর সীমান্তের ১০৭ মেইন পিলারের কাছে ভারতের সুতিয়া বিএসএফ ক্যাম্প সদস্যরা কয়েকটি গুলি ছোড়েন। এ সময় সীমান্তে বিজিবির সদস্যদের কোনো টহল ছিল না। পরে ঘটনাস্থলে আবদুল খালেককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
আবদুল খালেকের পরিবারের দাবি, জমিতে চাষাবাদের সেচযন্ত্র পাহারা দিতে সীমান্তে গিয়েছিলেন আবদুল খালেক। এ সময় বিএসএফের সদস্যরা তাঁকে গুলি করেন। তিনি একজন গরু ব্যবসায়ী ও কৃষিকাজ করে সংসার চালাতেন।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৬ ব্যাটালিয়নের মুজিবনগর ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সীমান্তের ১০৫ মেইন পিলারের কাছে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে ভারতের হৃদয়পুর বিএসএফ কোম্পানি কমান্ডার রাম আবতারের নেতৃত্বে ছয় সদস্যের একটি দল উপস্থিত ছিল। এ সময় বিএসএফ বলেছে, একটি চক্র গরু চোরাচালানের সময় বিএসএফকে লক্ষ্য করে প্রথমে বোমা ছুড়ে মারে। পরে বিএসএফ সদস্যরা প্রাণ রক্ষার্থে গুলি ছুড়লে একজন মারা যান। ছররা গুলির পরিবর্তে ভুলে প্রাণঘাতী গুলি করায় এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
বিজিবি-৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আনোয়ার জাহিদ জানান, এ ঘটনায় বিজিবি ও বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।