বিএসএফের ছোড়া ককটেলে তরুণ আহত
নওগাঁর সাপাহার উপজেলার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া ককটেলের আঘাতে মাসুদ রানা (১৮) নামের এক তরুণ আহত হয়েছেন। গতকাল বুধবার ভোরে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার পাতাড়ী ইউনিয়নের কলমুডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
বিজিবি-১৪ পত্নীতলার অধিনায়ক লে. কর্নেল রফিকুল হাসান বলেন, দিওয়ালি উৎসব দেখতে ১৬-২২ বছরের ছয়-সাতজন তরুণ গত মঙ্গলবার রাতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। গতকাল বুধবার ভোরে সেখান থেকে ফেরার সময় বিএসএফ তাঁদের তাড়া করে। একপর্যায়ে একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে মাসুদ রানা নামের এক তরুণ আহত হন। তিনি এখন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ঘটনায় আমরা বিএসএফের কাছে মৌখিকভাবে প্রতিবাদ জানিয়েছি এবং পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছি।
মাসুদের বাবা শফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত দিয়ে মাসুদসহ ছয়-সাতজন তরুণ ভারতের মালদহর ছন ঘাট এলাকায় একটি কালীমন্দিরে দিওয়ালি উৎসব দেখতে যান। ভোর চারটার দিকে সীমান্তের ২৪০ নম্বর পিলারের কাছ দিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ সদস্যরা তাঁদের তাড়া করে। তাঁরা সবাই বাংলাদেশে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করে। এ সময় মাসুদ ককটেলের আঘাতে গুরুতর আহত হন। খবর পেয়ে দিলে সকাল সাতটার দিকে সীমান্তের ১০০ গজ ভেতর থেকে মাসুদকে উদ্ধার করা হয়।