বিএসএফের ছোড়া গুলতিতে শিশুর এক চোখ গেল
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলতির আঘাতে ইমন হোসেন নামের এক বাংলাদেশি শিশুর একটি চোখ নষ্ট হয়ে গেছে। এ ছাড়া সালমা খাতুন নামের এক গৃহবধূ আহত হয়েছেন। গত মঙ্গলবার তারা কলারোয়ার সীমান্ত-নদ সোনাইতে গোসলের সময় এ ঘটনা ঘটে।
ইমনের (৭) বাবা মোহাম্মদ আলম বলেন, তাঁর ছেলেসহ কয়েকজন সোনাই নদে গোসল করছিল। একপর্যায়ে সীমান্তের ওপারে ভারতের বশিরহাট মহকুমার স্বরূপনগর থানার তারালি ক্যাম্পের একজন বিএসএফ সদস্য গুলতি মারেন। গুলতি ইমনের ডান চোখে লেগে গুরুতর জখম হয়। এ ছাড়া অন্য একটি গুলতি একই এলাকার গৃহবধূ সালমার (২৭) কপালে লাগলে তিনিও জখম হন।
আলম বলেন, মঙ্গলবার রাতেই সাতক্ষীরা শহরের একটি ক্লিনিকে ইমনের চোখে অস্ত্রোপচার করা হয়। ওই ক্লিনিকের মালিক চক্ষুবিশেষজ্ঞ আমিনুর রহমান বলেন, ইমনের ডান চোখের মণি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
বিজিবির সাতক্ষীরা কাকডাঙ্গা ক্যাম্পের সুবেদার হায়দার আলী বলেন, এ ঘটনায় মঙ্গলবার বিকেলে কেঁড়াগাছিতে বাংলাদেশ অংশে বিজিবি ও বিএসএফের ক্যাম্প পর্যায়ে পতাকা বৈঠক হয়। এতে বিএসএফ অভিযোগ অস্বীকার করে। পরে আজ (গতকাল বুধবার) বিকেলে কেঁড়াগাছির বিপরীতে সোনাই নদের ভারতের তীরে আরেক দফা পতাকা বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করে। বিএসএফের পক্ষ থেকে বলা হয়, এ ঘটনায় তারা লজ্জিত ও ব্যথিত।