চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত ও নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা সীমান্ত থেকে গতকাল মঙ্গলবার দুপুরে দুই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রোকনপুরে নিহত বুজুর আলী (২৫) গত রোববার রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ধাওয়ায় পানিতে পড়ার পর নিখোঁজ ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জে ৪৩ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মুজিবর রহমান জানান, গতকাল দুপুরে একটি জলাশয়ে (বিল) বুজুর আলীর মরদেহ ভাসতে দেখে লোকজন বিজিবিকে খবর দেন। পরে বিজিবির সদস্যরা সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করেন। তিনি জানান, বুজুর আলী রোববার রাতে ভারত থেকে গরু নিয়ে আসার সময় বিএসএফের সদস্যরা ধাওয়া করলে তিনি বিলে নেমে পড়েন। এর পর থেকে নিখোঁজ ছিলেন তিনি। এ নিয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বুজুর রোকনপুর গ্রামের নাদের আলীর ছেলে।
গোমস্তাপুর থানার উপপরিদর্শক (এসআই) মমিনুর রহমান জানান, মরদেহের ডান ভ্রুর ওপরে ও চোখের নিচে এবং বাঁ পায়ের হাঁটুতে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে মরদেহ পাঠানো হয়েছে।
এদিকে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর নওগাঁর সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তের বসুমৃধা বিল থেকে গরু ব্যবসায়ী নুরুল ইসলামের লাশ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ। নুরুল উপজেলার সীমান্তবর্তী কলমুডাঙ্গা গ্রামের আবু আজাদের ছেলে। নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, নির্যাতন করে মেরে ফেলে বিএসএফ তাঁর লাশ বিলে ভাসিয়ে দিয়েছে।
এলাকাবাসী সূত্র জানায়, নুরুল ইসলাম শুক্রবার রাতে এলাকার বেশ কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে ছনঘাট সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যান গরু আনতে। পরদিন শনিবার অন্য ব্যবসায়ীরা গরু নিয়ে ফিরে এলেও নুরুল ইসলাম নিখোঁজ হন।