নওগাঁর সাপাহার সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে শফিকুল ইসলাম (৩৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে তাঁর পরিবার অভিযোগ করেছে। গতকাল বুধবার ভোর পাঁচটার দিকে উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শফিকুল ইসলাম উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট কলমুডাঙ্গা গ্রামের ইসলাম আলীর ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাতে শফিকুলসহ সাত-আটজনের একটি দল গরু আনতে ভারতে যায়। বুধবার ভোর চারটার দিকে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের আদাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাঁদের তাড়া করে। এ সময় অন্যরা চলে এলেও শফিকুল আটক হন। আটকের পর তাঁর ওপর নির্যাতন চালায় বিএসএফ। পরে গুরুতর আহত অবস্থায় শফিকুলকে সাপাহারের কলমুডাঙ্গা সীমান্তের ২৩১ (১) পিলারের পাশে ফেলে রাখা হয়। খবর পেয়ে পরিবারের লোকজন সেখান থেকে গুরুতর আহত অবস্থায় শফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তখন কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বিজিবি-১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল আকতার শফিকুলের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, শফিকুল বিএসএফের নির্যাতনেই মারা গেছেন কি না, সে ব্যাপারে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কারণ তাঁর মৃত্যু হয়েছে সীমান্ত থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে, বাংলাদেশের ভেতরে। গরু ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরেও তাঁকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে।
নিহত শফিকুলের বাবা ইসলাম আলী বলেন, তাঁর ছেলে ভারত থেকে গরু আনার (গরুর রাখাল) কাজ করতেন। নির্মম নির্যাতন করে বিএএফের সদস্যরা তাঁকে হত্যা করেছেন বলে তিনি অভিযোগ করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী জানান, পুলিশ ময়নাতদন্তের জন্য লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।