বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে এক বাংলাদেশির মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। আজ রোববার ভোরে সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী সীমান্তে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম আহাদ আলী (৪০)। বাবা উজির আলী। বাড়ি সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে।
আহাদের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম।
সাতক্ষীরা ৩৮ বিজিবির অপারেশন কর্মকর্তা মেজর এস এম আহসান হাবিব বলেন, সীমান্তে একজন বাংলাদেশির মৃত্যুর খবর তাঁরা শুনেছেন। কিন্তু কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, তা অনুসন্ধান করা হচ্ছে।
সীমান্তসংলগ্ন গ্রামের কয়েকজন অধিবাসীর ভাষ্য, গতকাল শনিবার সন্ধ্যায় আহাদসহ সাত-আটজন বাংলাদেশি সীমান্ত পার হয়ে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে ফিরে আসার সময় আজ ভোর সাড়ে চারটার দিকে সাতক্ষীরার বৈকারী সীমান্তের ভারতের বসিরহাট মহকুমার কৈজুরী ক্যাম্পের বিএসএফ সদস্যরা আহাদকে আটক করে। পরে তাঁর ওপর নির্যাতন চালানো হয়। অবস্থার অবনতি হলে তাঁকে সীমান্তের শূন্যরেখায় ফেলে যায় বিএসএফের সদস্যরা। পরে আহাদের সঙ্গীরা তাঁকে মৃত অবস্থায় উদ্ধার করে বাংলাদেশে নিয়ে আসেন।
আহাদের বাবা উজির আলীও একই দাবি করেছেন।