বিএসএফের নির্যাতনে বাংলাদেশির মৃত্যুর অভিযোগ
নওগাঁর সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্তে আজ বুধবার ভোরে শফিকুল ইসলাম (৩৫ ) নামের এক গরু ব্যবসায়ী মারা গেছেন। নিহত শফিকুলের পরিবারের দাবি, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএস) নির্যাতনে শফিকুলের মারা যান।
নিহত শফিকুলের বাবার সাম ইসলাম আলী। বাড়ি সাপাহার উপজেলার পাতাড়ী ইউনিয়নের বলদিয়াঘাট কলমুডাঙ্গা গ্রামে।
শফিকুলের সঙ্গে ভারতে যাওয়া অন্যান্য ব্যক্তিদের বরাত দিয়ে তাঁর বাবা ইসলাম আলীর দাবি, গত সোমবার রাতে শফিকুলসহ সাত-আট জনের একটি দল গরু আনতে ভারতের অভ্যন্তরে যায়। আজ ভোরে গরু নিয়ে বাংলাদেশে ফেরার সময় ভারতের আদাডাঙ্গা ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা শফিকুলকে আটক করে। অন্যরা পালিয়ে আসতে সক্ষম হন।
শফিকুলের বাবার ভাষ্য, শফিকুলকে আটক করার পর বিএসএফ সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালায়। এতে শফিকুল গুরুতর আহত হয়। বিএসএফ সদস্যরা তাঁকে ভারতীয় রাস্তার পাঁচ নম্বর লেদা ব্রিজের কাছে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে চলে যায়। পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা তাঁকে মৃত ঘোষণা করেন।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম চৌধুরী বলেন, শফিকুলের পরিবার দাবি করলেও বিএসএফের নির্যাতনেই শফিকুলের মৃত্যু হয়েছে কি না, তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা করার প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের জন্য শফিকুলের লাশ নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিজিবি ১৪ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইকবাল হোসেন বলেন, শফিকুল বিএসএফর নির্যাতনে মারা গেছে কি না, সেই বিষয়ে সঠিক তথ্য পাওয়া যায়নি। গরু ব্যবসায়ীদের অভ্যন্তরীণ দ্বন্দ্বেও হত্যাকাণ্ডটি ঘটতে পারে। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়ে বিএসএফের চিঠি দেওয়া হয়েছে। এ ব্যাপারে পতাকা বৈঠক ডাকা হয়েছে।