বিএসএফের পিটুনিতে দুই জেলে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের পিটুনিতে দুই জেলে আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত দুই জেলে হচ্ছেন গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়নের বিয়ানাবোনা গ্রামের শাহজাহান আলীর ছেলে মিজানুর রহমান ওরফে মিজান (২৬) ও রসুল আলীর ছেলে নিশান আলী (২৩)।

আহত মিজানের ছোট ভাই ময়েন আলী বলছেন, গতকাল সোমবার রাতে মিজান ও নিশান গোদাগাড়ীর খরচাকা সীমান্ত এলাকায় পদ্মা নদীতে মাছ ধরতে যান। দিবাগত রাত দুইটার দিকে বিএসএফ সদস্যরা তাঁদের নৌকার ওপর থেকে আটক করেন। এরপর বালুচরে নিয়ে গিয়ে লাঠি ও রাইফেল দিয়ে তাঁদের পেটানো হয়। ভোররাতের দিকে তাঁদের ছেড়ে দেওয়া হয়। এ সময় মিজান ও নিশান নদীপাড়ে এলে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। পরিবারের লোকজন তাঁদের হাসপাতালে ভর্তি করান। 

জানতে চাইলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইফতেখার শামীম আল মাসুদ প্রথম আলোকে বলেন, প্রথমে ভারতীয় জেলেদের সঙ্গে তাঁদের মারামারি হয়েছে। তারপর ভারতীয় জেলেরা তাঁদের বিএসএফের কাছে ধরে নিয়ে যান। তখন বিএসএফও তাঁদের দু-এক বাড়ি দিয়েছে। ইফতেখার শামীম আল মাসুদ বলেন, এ ঘটনা লোকমুখে শোনা গেছে। আহত ব্যক্তিদের সঙ্গে কথা বলতে হাসপাতালে বিজিবি সদস্য পাঠানো হয়েছে। তাঁদের মুখ থেকে শুনলে আরও ভালো জানা যাবে।